বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ নিয়োগ দিল মেক্সিকো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২২ এএম  (ভিজিট : ১৬)

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। সেই হতাশা কাটতে না কাটতেই জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রাফায়েল মার্কেজ। বুধবার এক বিবৃতিতে তার নিয়োগের ঘোষণা দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)।

৪৭ বছর বয়সী মার্কেজ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেক্সিকোর দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্বকাপের কোচ হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হচ্ছেন। মার্কেজ ২০২৪ সালের আগস্ট থেকে অবশ্য সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন। এরপরই তাকে উত্তরসূরি কোচ হিসেবে বিবেচনায় করার গুঞ্জন ছিল।

মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, পরিকল্পিত ও সুশৃঙ্খল রূপান্তরের অংশ হিসেবেই মার্কেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় দলে ধারাবাহিকতা বজায় রাখা, খেলোয়াড়দের উন্নয়ন এবং সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে মেক্সিকোর কোনো আন্তর্জাতিক ম্যাচ সূচিতে নেই। তবে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের শুরুতে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে নতুন কোচ হিসেবে অভিষেক হওয়ার কথা মার্কেজের। মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় মার্কেজ। পাঁচটি বিশ্বকাপে দেশের জার্সি গায়ে খেলেছেন তিনি। জিতেছেন ১৯৯৯ সালের কনফেডারেশনস কাপ এবং ২০০৩ ও ২০১১ সালের গোল্ড কাপ।

ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। মোনাকোর হয়ে ইউরোপে যাত্রা শুরু করে বার্সেলোনায় দীর্ঘ সময় খেলেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা। দেশে অ্যাটলাস ও লেওনের হয়েও সফল সময় কাটিয়েছেন।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান মার্কেজ। প্রথমে রিয়াল আলকালার বয়সভিত্তিক দলে কাজ করেন। পরে বার্সেলোনার রিজার্ভ দল বার্সা আতলেতিকের দায়িত্ব নিয়ে দুই মৌসুমে ৮২ ম্যাচে ৪০টি জয় তুলে নিজের দক্ষতার প্রমাণ দেন। এবার মেক্সিকো দলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রস্তুত তিনি।

উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলোতে চলতি বিশ্বকাপের যাত্রায় ইতি টেনেছে মেক্সিকো। তবে ২০৩০ সালে শিরোপা জয়ের লক্ষ্যেই রাফায়েল মার্কেজকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]