প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
(ভিজিট : ১৪)
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রাম দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টার দিকে এ পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রামে বন্যহাতির আগমনের খবর পেয়ে গ্রামবাসী সজাগ হয়ে সীমান্তে অবস্থান নেয়। এ সময় ভারতীয় বিএসএফ দুই নারী, একজন শিশু ও এক পুরুষসহ চারজনকে বাংলাদেশের পুশইনের চেষ্টা করে। এ সময় টহলরত হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশিদের সহায়তায় তাদের জিরো লাইনের ওপার থেকেই ফিরিয়ে দেয়। তবে পুশইন চেষ্টার চারজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় অন্য একটি সূত্র জানায়, ভারতের ওপারে সীমান্ত এলাকায় বিএসএফ শতাধিক নারী পুরুষকে এনে জড়ো করেছে। এ বিষয়ে স্থানীয় বিজিবি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ময়মনসিংহ-৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্তে বিএসএফের যে কোনো অপতৎপরতায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।