প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২২ পিএম
(ভিজিট : ৭)
নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস এম রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় গোপন অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, এরপর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয় তাকে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তারের তত্ত্বাবধানে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট সদরঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নাম রয়েছে রিয়াজ উদ্দিনের। মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি যুক্ত করা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারাও।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে বাড়ি হলেও বর্তমানে ঢাকার মুগদা এলাকায় বসবাস করছিলেন এই সাবেক ছাত্রনেতা। পুলিশের ভাষ্যমতে, তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি হিসেবে, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত। এরপর ধাপে ধাপে এগিয়ে ২০১২-১৪ মেয়াদে তিনি দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে, আর ২০২১ সালে এসে দায়িত্ব নেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির। শুধু ছাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপকমিটিতেও ছিল তার সদস্যপদ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন প্রাথমিকভাবে যাচাই করে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসব তথ্যের সত্যতা নিরূপণে তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থা।