মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কারাগারে
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিট : ১৩)
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন নামঞ্জুর; সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছর আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমী। এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গত বছরের ২১ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে কাজী মৌসুমী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে সোমবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার মক্কেল তদন্ত কর্মকর্তার ডাকে সাড়া দেওয়ার শর্তে জামিনে ছিলেন। এছাড়া তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তার একটি প্রতিবন্ধী সন্তান চিকিৎসাধীন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামিন দেওয়া উচিত ছিল।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, তিনি জামিনের বিরোধিতা করেছেন। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার, 'জয় বাংলা' স্লোগান দেওয়া এবং বিভিন্ন ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ মামলায় উল্লেখ রয়েছে। আদালত বিষয়গুলো বিবেচনা করে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষ আশা প্রকাশ করেছে, মামলার তদন্ত দ্রুত শেষ করে শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]