প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৮ পিএম
(ভিজিট : ১৩)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক নাবালিকা হাফেজিয়া মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে পরিবার। মেয়েকে হারিয়ে বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দর্জিকর-দেবনগর ইউনিয়নের আঠারবাড়ী নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ওই কিশোরী প্রতিদিনের মতো গত ২২ জুন সকাল ৮টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে পাথরাজভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রধান অভিযুক্ত বেলাল এর আগেও ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকিও দেন বলে পরিবারের দাবি। বিষয়টি মেয়েটি তার মা-বাবাকে জানালে পরিবার সতর্ক থাকলেও শেষ পর্যন্ত অপহরণের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও মেয়েটির কোনো সন্ধান মেলেনি। পরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে জানতে চাইলে তাদের পক্ষ থেকে অসহযোগিতা করা হয় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তারা।
অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বলেন, " আট দিন ধরে আমার মেয়ের কোনো খোঁজ নেই" কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমরা শুধু চাই প্রশাসন দ্রুত আমার মেয়েকে উদ্ধার করুক এবং দোষীদের আইনের আওতায় আনুক।"
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে কোনো অগ্রিম ফলাফল বা মন্তব্য করা সম্ভব নয়। ভিকটিমকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।