প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১১ পিএম
(ভিজিট : ৩৪)
গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন মরিচের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে একটি মুদি দোকান ও তিনটি অটোরিকশা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজউদ্দিনকে একটি মুদি দোকান এবং কাপাইশ গ্রামের মোছা. কামরুন্নাহার, পুনসহী গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই সরকারের এসব প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।