প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:০২ পিএম
(ভিজিট : ৩৪)

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ধারে ভারে আর দশটা দলের থেকে বরাবরই এগিয়েই থাকে লাতিন এই পরাশক্তি। যে কোনো টুর্নামেন্টে হলুদ জার্সিধারীদের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া যেন আর কোনো ফলাফলে মান বাঁচে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব এখন কেবল ইতিহাস। সর্বশেষ বিশ্বকাপ জয়ের দুই দশকের খরার সঙ্গে মহাদেশীয় শ্রেষ্ঠত্বেও ভাটার টান। এক সময়কার ‘ফুটবলের ওয়ান্ডারল্যান্ড’ ব্রাজিল খুঁজে ফিরছে নিজেদের হারানো গৌরব।
এমনই এক পরিস্থিতিতে প্রথাগত নিয়ম ভেঙে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি কোচকে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে যা বিরলতম ঘটনাতো বটেই। তাও যেন-তেন কেউ নয়, অনেকটা ছোঁ মেরে উড়িয়ে আনা হয় রিয়াল মাদ্রিদের সাবেক বস ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। যার হাত ধরে চলমান বিশ্বকাপে ‘হেক্সা’ স্বপ্নে বুঁদ দলটির সমর্থকরাও।
সেই আনচেলত্তির অধীনে নকআউটের লড়াই শুরু হচ্ছে ব্রাজিলের। প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। কার্লো আনচেলত্তির দলের সামনে এই ম্যাচটি একদিক থেকে যেমন প্রতিশোধের, তেমনি দায়িত্ব নেওয়ার পর তার অধীন দলটি কতটা পরিপক্ব হয়ে উঠছে, সেটি প্রমাণের বড় এক পরীক্ষাও বটে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। টোকিও’র সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৩টি গোল হজম করতে হয়েছিল সেলেসাওদের। ব্রাজিলের বিপক্ষে আগের ১৪ বারের দেখায় সেটিই ছিল জাপানের প্রথম জয়।
রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তির সামনে চ্যালেঞ্জটা কেমন ছিল, সেই হারের স্মৃতি যেন সেটাই মনে করিয়ে দেয়। একটি অগোছালো দলকে বিশ্বকাপের দাবিদার হিসেবে গড়ে তুলতে মাত্র এক বছর সময় পেয়েছিলেন এই ইতালিয়ান কোচ। আনচেলত্তি যখন দায়িত্ব নেন, তখন ব্রাজিল দল বেশ নড়বড়ে অবস্থায় ছিল। চারজন ভিন্ন কোচের অধীনে খেলে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছিল তারা।
বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের পরখ করে নিতে মাত্র পাঁচটি আন্তর্জাতিক বিরতি পেয়েছিলেন আনচেলত্তি। এর মধ্যে শেষ তিনটিতে দল নিয়ে তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের মুখোমুখি হন, যাতে ফুটবলাররা বৈচিত্র্যময় খেলার সঙ্গে মানিয়ে নিতে পারেন।
এশিয়া সফরটি শুরু হয়েছিল বেশ দাপটের সঙ্গেই। সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর টোকিওতেও প্রীতি ম্যাচের আধ ঘণ্টার মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাপান। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলকে।
তবে আজকের হিউস্টনের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন এক আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রুপ পর্বে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নেদারল্যান্ডসের পেছনে থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মরিয়াসু বলেন, 'হয়তো (আগের জয়ের কারণে) তারা এবার আরও বেশি অনুপ্রাণিত থাকবে। আমরা এমন এক ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা জয়ের জন্য মরিয়া। আমি ম্যাচটির দিকে তাকিয়ে আছি।'