গাড়ি থেকে বের করা পুরনো, নষ্ট তেল সেটাই আবার পরিষ্কার করে বোতলে ভরে বাজারে বিক্রি হচ্ছিল একদম নতুন লুব অয়েল হিসেবে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এমনই এক গোপন কারখানার সন্ধান পেয়েছে কোস্ট গার্ড।
সোমবার বিকেলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পাওয়ার পরই নামানো হয় এই অভিযান।
ব্যবহৃত ও নষ্ট তেল পুনঃপ্রক্রিয়া করে ভেজাল লুব অয়েল বানানো হচ্ছিল এই কারখানায় যা সরাসরি যানবাহনের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর।
অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল এবং এটি তৈরির কাঁচামাল জব্দ করা হয়। কারখানাটি ছিল সম্পূর্ণ অননুমোদিত কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই চলছিল।
অভিযান শেষে কারখানার মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।