প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
(ভিজিট : ১০)
লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে। এতে বকেয়া ও চলতি কর পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা।
সহকারী কর আদায়কারক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ জানালেন, বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
এ ব্যাপারে পৌর প্রশাসক সম্রাট খীসার ভাষ্য, পৌর কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। পৌরবাসীদের আহ্বান যেন দ্রুত কর পরিশোধ করেন।
মেলায় কর পরিশোধ করলে বিশেষ সুবিধা রয়েছে। আসুন পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হতে আহ্বান জানান তিনি।