প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম
(ভিজিট : ৪৭৪)
গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ কয়েকজন সহযোগীকে নিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একটি বিচ্ছিন্ন লাইনের তার কাটার সময় অসাবধানতাবশত সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার সকালে স্থানীয়রা নিহতের দুই সহযোগী আশিক ও খাইরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি করা বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে চুরিকৃত তার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২৪) দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।