প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : )
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার নেতৃবৃন্দ।
আজ শনিবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ জিয়ার সমাধিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় সমাধিস্থলে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ার সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে।
এমপি হুম্মাম কাদের চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ। প্রবাসে থেকেও নিজ মাটির রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো সমাধিস্থল মুখরিত হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইরফান, এবং বিশিষ্ট যুবনেতা হারুন অর রশিদ। এছাড়া সংগঠন ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় ও প্রবাসী বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারত করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলের ঐক্য ও সাফল্য কামনা করা হয়।