জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনের মাধ্যমে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের মূল্যায়ন তালিকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কার্যক্রম, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক উদ্যোগসহ সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালীর বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এটিএম কামরুল ইসলাম ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৮ সালের ২৯ নভেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ২০২৫ সালের ৯ জুলাই তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। একই বছরের ২৮ আগস্ট তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
কালীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন। অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, সরকারি জমি উদ্ধার, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং উন্নয়ন প্রকল্প সরেজমিন তদারকিতে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
এছাড়াও মহান বিজয় দিবসে সাইকেল র্যালি, স্বাধীনতা দিবসে ম্যারাথন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় এটিএম কামরুল ইসলাম বলেন, “আমি শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করিনি। সরকারের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাজকে মূল্যায়ন করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।”