প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : )
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২ কোটি ৭০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অনুসন্ধানে দুদক তার নামে মোট ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৬৪০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৮৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৭৬৫ টাকা।
অন্যদিকে, তার বৈধ আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৬২ লাখ ২০ হাজার টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে প্রকৃত বৈধ সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪০ লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা।
দুদকের দাবি, বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৯০০ টাকার অতিরিক্ত সম্পদের কোনো বৈধ উৎস বা দলিল প্রমাণ তিনি দেখাতে পারেননি।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন ও ভোগদখলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলায় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়েছেন। প্রধান কার্যালয়ের অনুমোদনের পর পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুর রহমান অপু মামলাটি রুজু করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।