বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জেদ্দায় জুলাই গণঅভ্যুন দিবস পালন: প্রবাসীদের ঐক্যের বার্তা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:০৯ পিএম  (ভিজিট : ২০)
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জুলাই গণভ্যুথথান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করা হয় এবং জুলাইয়ের সংঘর্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কনস্যুলেট কর্মকর্তা  এ এস এম সায়েম। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল হজ মো: মাজহারুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি ও এজিএম মো: জহিরুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো: আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের সমস্যা সমাধান, দক্ষতা বৃদ্ধি এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এনসিপি সৌদি আরব পশ্চিমাঞ্চলের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

সৌদি আরব জেদ্দা দক্ষিণ অঞ্চলের জামাতের সভাপতি নিজাম উদ্দিন বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের সম্মান, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সবার দায়িত্ব।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বলেন, প্রবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করা সম্ভব।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তি। প্রবাসীদের সেবা সহজীকরণ, সমস্যা সমাধান ও কল্যাণে কনস্যুলেট সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলা, বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর কমার্শিয়াল ও কার্যালয় প্রধান সৈয়দা নাহিদা হাবিবা।

এ সময় জেদ্দা মিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশী, এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, জুলাইয়ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]