প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : )
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আগামী ২৩ মে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) ত্রিশালের সরকারি নজরুল একাডেমির মাঠ পরিদর্শন শেষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মাঠ ও নজরুল মঞ্চ ও উপজেলার কাঠাঁল ইউনিয়নের ধরার খাল এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় তাঁর সাথে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে পদার্পণ করবেন। অনুষ্ঠানমঞ্চে যোগ দেওয়ার আগে তিনি ত্রিশালের বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি মূল অনুষ্ঠানস্থলে এসে কবির জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স' (এসএসএফ), জেলা এবং উপজেলা প্রশাসনের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সফরকালে তিনি ময়মনসিংহের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।