প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম (ভিজিট : )
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৮টি খড়ের গাদা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা রানী দিঘীর পাড় এলাকার জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ২টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকারে সকলের ঘুম ভাঙ্গে। ততক্ষণে খড়ের গাদার বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত খড়ের গাদার মালিক রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক চার ভাইয়ের দাবি আগুনে তাদের অন্তত ৮টি খড়ের গাদা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই পথে আসা-যাওয়া করে এবং প্রায়ই গভীর রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়।
এক সাথে ৮টি খড়ের গাদায় আগুনের ঘটনা পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।