বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জ্বালানি তেলের সংকটে, আমরা হাঁটছি কোন পথে!
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৬ পিএম  (ভিজিট : )

বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, উৎপাদনকারী দেশগুলোর কৌশলগত সিদ্ধান্ত, ভূ-রাজনৈতিক সংঘাত বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র, ইসরাইলের যৌথ হামলা ও হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণ এবং তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হওয়ায়, সব মিলিয়ে তৈরি হয়েছে এক বহুমাত্রিক সংকট। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে উন্নয়নশীল অর্থনীতিগুলোর ওপর।  যার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমদানিনির্ভর জ্বালানি কাঠামোর কারণে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সরাসরি দেশের অর্থনীতি, উৎপাদন খাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি করছে।

বিশ্ব আজ এক গভীর জ্বালানি অনিশ্চয়তায় সময় পার করছে।এসময় দেশের প্রেক্ষাপটে জ্বালানি তেল শুধু একটি পণ্য নয়; এটি অর্থনীতির রক্তস্রোত। কৃষি থেকে শিল্প, পরিবহন থেকে বিদ্যুৎ—প্রতিটি খাতেই এর অপরিহার্যতা অনস্বীকার্য। ফলে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখন তা অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির ঢেউ তোলে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বাড়ে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হয় সাধারণ জনগণকে। কিন্তু বৈশ্বিক এই সংকটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে যে অনিয়ম ও দুর্নীতি চলছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মুনাফালোভী চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে। তারা গোপনে তেল মজুত করছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে এবং সুযোগ বুঝে সাধারণ মানুষকে জিম্মি করছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু নৈতিকতার পরিপন্থী নয়, বরং অর্থনৈতিক শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।
এ অবস্থায় কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। 

প্রথমত, দেশের প্রতিটি তেল পাম্পে আইন- শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করতে হবে। নিয়মিত তদারকি, ডিজিটাল মনিটরিং এবং হঠাৎ অভিযান পরিচালনার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয়ত, তেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।

তবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর ও সময়োপযোগী একটি প্রস্তাব হতে পারে, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজের বিপরীতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা চালু করা। যেমনটি আগ্নেয়াস্ত্রের গুলি ক্রয়ের ক্ষেত্রে অনুসরণ করা হয়, যেখানে প্রতিটি ক্রয়ের হিসাব সংরক্ষিত থাকে এবং নিয়ন্ত্রিত বণ্টন নিশ্চিত হয়। একইভাবে, যদি প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট পরিমাণ তেল বরাদ্দ করা হয় এবং তা ড্রাইভিং লাইসেন্স বা নিবন্ধন কাগজের ভিত্তিতে সরবরাহ করা হয়, তবে একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে তেল মজুত বা অবৈধ বাণিজ্যের সুযোগ অনেকাংশে কমে যাবে।

এই পদ্ধতিতে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করা যেতে পারে, যেখানে প্রতিটি গাড়ির তেল গ্রহণের তথ্য সংরক্ষিত থাকবে। ডিজিটাল কার্ড বা স্মার্ট লাইসেন্স ব্যবহারের মাধ্যমে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে রেকর্ড করা সম্ভব। এতে করে একই গাড়ির নামে অতিরিক্ত তেল সংগ্রহ করা কঠিন হবে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পথ রুদ্ধ হবে। পাশাপাশি, এই ব্যবস্থার মাধ্যমে সরকার সহজেই তেলের চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র বিশ্লেষণ করতে পারবে, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে। প্রয়োজনে সীমিত সময়ের জন্য রেশনিং ব্যবস্থাও চালু করা যেতে পারে, যাতে ন্যায্য বণ্টন নিশ্চিত হয়। তবে তা হতে হবে সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর, যাতে কোনো প্রকার হয়রানি বা দুর্নীতির সুযোগ না থাকে। একইসঙ্গে বিকল্প জ্বালানি উৎসের প্রতি গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি। সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে ভবিষ্যতে আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানো, ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার বৃদ্ধি এবং শক্তি সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলা। এসব উদ্যোগ সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো নীতিই দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। সবশেষে বলা যায়, বৈশ্বিক জ্বালানি সংকট একটি অনিবার্য বাস্তবতা হলেও এর প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি খাতকে সুশৃঙ্খল করা গেলে কেবল বর্তমান সংকটই নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জও মোকাবিলা করা সহজ হবে। জনগণের স্বার্থ সুরক্ষা এবং অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে এখনই সময় সাহসী ও উদ্ভাবনী সিদ্ধান্ত নেওয়ার।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, ঢাকা 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]