প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া বাজারে ‘নিউ নাগরী ট্রেড সেন্টার’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র ব্যবসায়ী নিপু ডি কস্তাকে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬(১) ধারায় (মামলা নং ৬৯/২) ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমের উপস্থিতিতে খোলা বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।