প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম
(ভিজিট : ১৩২)
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য-সংহতি জোরদারের আহ্বান জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিল শেষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, উপদেষ্টা সুরুজ্জামান সুরুজ, সায়েম সরকার ও মাইনুদ্দিন বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি এবং চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়াবাসী এবং দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।