প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
(ভিজিট : ১১৫)
পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের লন্ডনে প্রবাসী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দাদের সংগঠন ‘সোনারগাঁ ওয়েলফেয়ার লন্ডন ইউকে’ এর উদ্যোগে সোনারগাঁয়ে প্রায় ৭ শতাধিক গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজার এলাকা থেকে উপজেলার জামপুর, শম্ভুপুরা, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন এবং সোনারগাঁ পৌরসভার প্রায় ৭ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এ সময় সোনারগাঁ ওয়েলফেয়ার লন্ডন ইউকে’র সভাপতি মামুন কবির বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং অব্যাহত শান্তি কামনা করেন। একইসঙ্গে এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কবির বলেন, আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া।
তিনি আরও জানান, প্রবাসে অবস্থান করেও সোনারগাঁয়ের মানুষের কল্যাণে কাজ করতে সংগঠনের সদস্যরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।