প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
‘দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ-এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে ব্যবহারিকভাবে দেখানো হয়। এ সময় তারা জানান, ড্রাম বা পাত্র দিয়ে সিলিন্ডারের অগ্রভাগের মুখ বন্ধ করে দেওয়া এবং পাটের বস্তা পানিতে ভিজিয়ে আগুনের উপর ঢেকে দিলে আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব।