প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম (ভিজিট : )
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও পৌর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৫৮০টি অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৮০টি অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ডে সরকারি সহায়তার এই চাল বিতরণ করা হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত অসহায় ও দুঃস্থরাই যেন এ সহায়তা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।