প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : )
কালীগঞ্জ উপজেলায় একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ ৩৮ কার্টুনে রাখা মোট ১,৮২৪ পিস চাইনিজ বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অবস্থিত চায়না বাংলা কনক্রীট এন্ড ব্লক ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো–ড–১২–৬৯৬৮) এবং কারখানার বিভিন্ন কক্ষ তল্লাশি করে এসব বিয়ার উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আটক ব্যক্তিরা হলেন—
১) মোঃ মেহেদী হাসান (৩৪), পিতা: বজলুর রহমান, সাং হারুয়া, থানা কিশোরগঞ্জ সদর, জেলা কিশোরগঞ্জ; বর্তমানে কালীগঞ্জ থানাধীন ঘোনাপাড়া গ্রামের মোঃ সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া।২) মোঃ নাজির হোসেন (২১), পিতা: মোঃ নিজামুদ্দিন, সাং জৈন্তাপুর, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ; বর্তমানে কালীগঞ্জ থানাধীন ঘোনাপাড়া গ্রামের আরিফের বাড়ির ভাড়াটিয়া। ৩) আমানউল্লাহ (৩১), পিতা: আব্দুল বারেক, সাং বাগলা, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
কালীগঞ্জ–কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। আটক তিনজনকে উদ্ধারকৃত পিকআপসহ থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।