বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য
ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১ম সানজিদা বিনতে জাকির
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিট : ১৭০)
বাগেরহাটের শিক্ষা অঙ্গনে আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা। চলতি বছরের ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সানজিদা বিনতে জাকির উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১ম, ২য় ও ৩য় স্থানসহ মোট ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং আরও ৮ জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি অর্জন করে এক অনন্য সাফল্যের ইতিহাস গড়েছে।
শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও আদর্শিক গঠনে সুপরিচিত এই প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের সুপরিকল্পিত শিক্ষাব্যবস্থা, কঠোর পরিশ্রম এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টারই স্বাভাবিক ফল। এমন গৌরবময় অর্জন নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সুনামকে আরও সুদৃঢ় করেছে এবং অভিভাবক মহলে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।
মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব ড. রুহুল আমিনের প্রজ্ঞাবান, দূরদর্শী ও মানবিক নেতৃত্বে একঝাঁক উদ্যমী ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা নিরলসভাবে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছেন। তাঁদের আন্তরিক দিকনির্দেশনা, নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষার সমন্বিত প্রয়াসই আজকের এই গৌরবোজ্জ্বল ফলাফলের মূল চালিকাশক্তি। শিক্ষকদের একাগ্র সাধনা ও আন্তরিকতা প্রতিষ্ঠানের শিক্ষার মানকে নতুন উচ্চতায় উন্নীত করেছে।
উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী সানজিদা বিনতে জাকিরের এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান বিশেষভাবে স্মরণীয়। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা অন্বেষণ, বিকাশ ও সুশৃঙ্খল পরিচর্যায় তাঁদের নিবেদিত ভূমিকা কেবল একটি ফলাফল নয়, বরং একটি আদর্শ শিক্ষা পরিবেশের বাস্তব প্রতিফলন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রতিষ্ঠানে ভর্তির পর থেকে সানজিদা বিনতে জাকির উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৫০টিরও অধিক পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি জাতীয় পর্যায়েও শীর্ষস্থানসহ মোট ৩টি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়ে সে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে। এ অর্জন নিঃসন্দেহে প্রমাণ করে যে, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা কেবল পাঠ্যশিক্ষা নয়, বরং বহুমাত্রিক প্রতিভা বিকাশের এক উর্বর ক্ষেত্র হিসেবে নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে।
স্থানীয় শিক্ষানুরাগী মহলের মতে, এ ধরনের সাফল্য একটি প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা-দর্শন, শৃঙ্খলা, শিক্ষকদের দায়বদ্ধতা এবং অভিভাবক-শিক্ষক সমন্বয়ের শক্তিশালী বন্ধনের ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।
পরিশেষে, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন, কল্যাণ ও অব্যাহত অগ্রযাত্রা কামনা করা হয়েছে। মহান আল্লাহর নিকট প্রার্থনা, এই বিদ্যাপীঠ যেন জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে দেশের জন্য যোগ্য, সৎ ও মেধাবী নাগরিক গড়ে তুলতে আরও সমৃদ্ধ ও সফল হয়ে ওঠে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]