বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


নৈতিক মূল্যবোধই দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিট : ১৯)
দেশে সর্বস্তরে দ্রুত ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করা গেলে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক সাইমুম নাহার সুলতানা। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের মধ্যেই নৈতিকতা, সততা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।

মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ এবং বাগদী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত দুর্নীতিবিরোধী সচেতনতামূলক ধারাবাহিক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা (সিএসসি), বাগদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোকলেসুর রহমান, কমিটির উপদেষ্টা মো. রুহুল আমিন ও ফরহাদ উদ্দিন ফুলু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোড়ল, সহ-সভাপতি ফিয়ারা বেগম এবং নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান (মাকসুদ) ও মামুন উর রশীদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইমুম নাহার সুলতানা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের কোনো বিকল্প নেই। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা তাদের চিন্তাশক্তি ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক মাকসুদেল হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। ফুটবল বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি বলেন, সবাই বিজয়ী হতে পারে না। যারা পরাজিত হয়েছে, তাদের হতাশ না হয়ে আরও ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা (সিএসসি) বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ও কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেকের সম্মিলিত অঙ্গীকারেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতে সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

সভাপতির বক্তব্যে নায়েবুর রহমান মাসুদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। তাই শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও মসলিন কটন মিল উচ্চ বিদ্যালয় গ্রুপ পর্বে শ্রেষ্ঠত্ব অর্জন করে। "দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়"—বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে শিক্ষা, নৈতিকতা, আইনের শাসন ও নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]