প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম
(ভিজিট : ১৭৩)
গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি অভিযোগ উঠেছে, দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করাকে কেন্দ্র করে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালিগাঁও বড়বাড়ি এলাকায় দুইজন জামায়াত কর্মীকে লাকড়ি দিয়ে মারধর করা হয়েছে। কথিত রাজনৈতিক সহিংসতার এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু মহলে আলোচনার জন্ম দিলেও অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, আলোচিত ঘটনাটি রাজনৈতিক নয়; বরং দীর্ঘদিনের পারিবারিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে সৃষ্ট একটি বিরোধকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় সহিংসতার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনাটিকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত বিরোধ ও পারিবারিক অসন্তোষকে রাজনৈতিক ব্যানারে উপস্থাপন করে একটি পক্ষ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, যাচাই-বাছাই ছাড়াই এমন সংবেদনশীল বিষয়ে দলীয়ভাবে ঢালাও প্রচারণা চালানো হলে তা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে এবং সাধারণ মানুষের মধ্যে অকারণ আতঙ্ক ও ঘৃণার জন্ম দেয়। তারা মনে করেন, সত্য উদঘাটনের আগে কোনো ঘটনার সঙ্গে রাজনৈতিক তকমা জুড়ে দেওয়া দায়িত্বশীল আচরণ নয়। তাছাড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করে।
সচেতন নাগরিকরা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য সহনশীলতা ও ন্যায়বিচারে। ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়ার প্রবণতা শুধু রাজনৈতিক পরিবেশকেই কলুষিত করে না, বরং দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানকেও হুমকির মুখে ফেলে। জামায়াতের পরাজিত প্রার্থী খাইরুল হাসানের ফেইসবুকে এ ধরনের মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও মনগড়া তথ্য পরিবেশন করায় এলাকার একাধিক বয়স্ক ও সচেতন ব্যক্তি ক্ষোভ, দুঃখ ও হতাশা ব্যক্ত করেন। তাদের মতে, জামাত প্রার্থীর আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে সঠিক তথ্য পরিবেশন করা উচিত। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়।
তারা জোর দিয়ে আরো বলেন, প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ অনুসন্ধান যেমন প্রয়োজন, তেমনি গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকাও সকলের নাগরিক দায়িত্ব। মিথ্যা অভিযোগের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এর পরিণতি সমাজের জন্য শুভ নয়।