প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
(ভিজিট : ১০৩)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী–২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ সহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে শোকজ নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১ ফেব্রুয়ারি) পটুয়াখালী সিভিল জজ এবং নির্বাচনী এলাকা–১১২ পটুয়াখালী–২ (বাউফল)-এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ খালিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি ও কার্যকর করার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি বাউফল এলাকায় প্রকাশ্যে আয়োজিত একটি দোয়া ও মিলাদ মাহফিলে সহিদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার আশঙ্কা সৃষ্টি করে।
এছাড়া গত ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজীর হাট বাজারে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে লক্ষ্য করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
আরও অভিযোগ করা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকার ০১ নম্বর ওয়ার্ডে সহিদুল আলম তালুকদারের নেতা-কর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে তার সমর্থকরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচন আচরণবিধির গুরুতর লঙ্ঘনের শামিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সহিদুল আলম তালুকদারকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।