প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
(ভিজিট : ৯৫)
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তার কয়েকজন অনুসারীর সঙ্গে একটি খাবার টেবিলে বসে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর একপর্যায়ে উপস্থিত একজন নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে মন্তব্য করেন। একই সময় বজলুর রহমানের পাশে বসা অপর এক ব্যক্তি নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন বলে উল্লেখ করেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় র্যাব। র্যাব জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ছায়া তদন্ত শুরু করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি নিয়মিত টহল দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী চিটাগাং রোডের ফুটওভার ব্রিজের নিচে স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—১. মোঃ বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০), পিতা: মৃত মোঃ মতিউর রহমান২. সাইদুল (৩৪), পিতা: মৃত সাদেক আলী ৩. আব্দুল জব্বার (৪৩), পিতা: মৃত নুর উদ্দিন ৪. ইউনুস বাঁধন (২০), পিতা: নাজমুল হক।
র্যাব জানায়, আটককৃতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কুতুবপুর, পোস্ট-কাঁচপুর এলাকায়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।