প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভোটারসহ সকল ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারবেন। কাউকে বাধা প্রদান করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।