প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম
(ভিজিট : ৫৬৯)
সোনারগাঁ উপজেলার নৌপথে চাঁদাবাজ আলোচিত পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার দিবাগত রাত (৫ জানুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির ওরফে পলিথিন জাকিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় পদ-পদবি ব্যবহার করে জাকির নৌপথে ব্যাপক চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে সে সময় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামি জাকির ওরফে পলিথিন জাকিরকে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।