প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৫:৪৪ পিএম (ভিজিট : )
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট–১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য হলেন সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ অস্ত্র বুঝে নেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে নিজের বুকে গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।