প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
(ভিজিট : ৯)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল প্রকৃতি। তাতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
শীতের শুরুতে এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুর ও অন্যান্য পেশার মানুষের সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিনই সূর্য উঁকি দিচ্ছে। তবে রোদের তেমন উত্তাপ থাকছে না।
শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতেও দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের ছাপ। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই দৃশ্য শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।