সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


ফেব্রুয়ারির পর প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বিদেশে কর্মসংস্থান
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। এ সময়ে মোট ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন কর্মী বিদেশে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিদেশে যাওয়া কর্মীদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জন দক্ষ ও আধা দক্ষ কর্মী।

মন্ত্রী জানান, কূটনৈতিক উদ্যোগের ফলে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া আবারও চালু হয়েছে। আগে যেতে না পারা ১ হাজার ৫৪৫ জন কর্মীকে ইতিমধ্যে দেশটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে কর্মী নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সৌদি আরব, কাতার, কুয়েত, জাপান, ইতালি, পর্তুগাল, রোমানিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কাতারের বিষয়ে মন্ত্রী বলেন, দেশটি বাংলাদেশ থেকে কারিগরি পেশায় কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। এসব পেশার মধ্যে রয়েছে বিদ্যুৎকাজ, প্লাম্বিং, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা ও ওয়েল্ডিং।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন সংস্থা (আইএম জাপান)–এর সঙ্গে চুক্তির আওতায় বিনা খরচে জাপানে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে। এ ছাড়া জাপানের সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিদেশে কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে এক লাখ চালককে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি বিদেশি ভাষা ও দক্ষতা কেন্দ্রে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষার প্রশিক্ষণ চালু করা হয়েছে।

মন্ত্রী জানান, নতুন শ্রমবাজার খুঁজে বের করতে আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে স্থানীয় পর্যায়ে লবিস্ট বা পরামর্শক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে, যাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]