প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম
(ভিজিট : ১০)
আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ইইউর আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়ানা অ্যাকোনসিয়ার সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বৈঠকে প্রতিমন্ত্রী জানান, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। একই সময়ে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ বা লবণসহিষ্ণু উপকূলীয় প্রজাতির গাছ।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার দূষণ কমানোর পরিকল্পনার কথাও বৈঠকে তুলে ধরেন তিনি। উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহ প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সক্ষম বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানির সংকট স্থানীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের চাপ আরও বাড়িয়ে তুলছে।
জবাবে ডায়ানা অ্যাকোনসিয়া প্যারিস জলবায়ু চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রা নিউ কালেকটিভ কোয়ান্টিফায়েড গোলের (এনসিকিউজি) প্রতি ইইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ লক্ষ্যের আওতায় ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য রয়েছে।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শক সহায়তা কর্মসূচির জন্য নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী প্রকল্পগুলোকে বিনিয়োগের জন্য প্রস্তুত করতে সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন এবং রেলপথের বিদ্যুতায়নেও ইইউ সহযোগিতা করছে বলে জানান তিনি। উপকূলীয় ও সমুদ্রাঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব নিয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন অ্যাকোনসিয়া। এসব প্রকল্পে ইইউ-সমর্থিত আর্থিক নিশ্চয়তা ব্যবস্থার সম্ভাবনাও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব পরিবহন ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা এগিয়ে নিতে ঢাকায় অবস্থিত ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়। বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনায় ইউরোপীয় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে আশাবাদ প্রকাশ করা হয়।