প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
(ভিজিট : ১০)

বাংলাদেশের হজযাত্রীদের জন্য কোটা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির অংশ হিসেবে গত সোমবার জেদ্দায় বাংলাদেশের ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সৌদি পক্ষ জানায়, কোনো দেশ তাদের বরাদ্দ করা হজ কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা পুরো কোটা ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে বলে আশ্বস্ত করেন সৌদি মন্ত্রী।
হজযাত্রীদের সংখ্যা ও ব্যবস্থাপনার সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্ধারিত কোটার বাইরে অপেক্ষমাণ হজযাত্রীদের সুযোগ তৈরিতে অন্য দেশের অব্যবহৃত কোটা পাওয়ার সম্ভাবনা নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়কমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হাজিদের প্রতি সৌদি সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
কায়কোবাদ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
জবাবে সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং দেশটির প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান। বাংলাদেশি হাজিদের জন্য ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হজ, ওমরাহ ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখরা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন দাফের বিন উবাইয়াহ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।