জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জ্বালানি খাতে পরিচ্ছন্ন রূপান্তর নিশ্চিত করতে সহজলভ্য ও পূর্বাভাসযোগ্য আন্তর্জাতিক অর্থায়ন জরুরি। এ সহায়তা এমন হতে হবে, যাতে উন্নয়নশীল দেশগুলোর ওপর ঋণের অতিরিক্ত বোঝা না বাড়ে।
শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে ‘জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়ন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জলবায়ু অঙ্গীকার থেকে শোভন কর্মসংস্থান: সবার জন্য ন্যায়সংগত রূপান্তর এগিয়ে নেওয়া’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।
মিন্টু বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব কর্মসংস্থান, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। তাই দেশের জ্বালানি খাতকে কম কার্বন নিঃসরণকারী ব্যবস্থায় রূপান্তরের পাশাপাশি এ প্রক্রিয়ায় শ্রমিক ও সাধারণ মানুষের জীবিকা সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে। ন্যায়সংগত রূপান্তর বলতে শুধু পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো নয়; বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলাকেও বোঝায়।
মন্ত্রী জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায়সংগত রূপান্তর নিয়ে পৃথক ব্যয় নির্ধারিত অধ্যায় যুক্ত করা হয়েছে। সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এটি প্রণয়ন করা হয়েছে। জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করাই এর লক্ষ্য।
আবদুল আউয়াল মিন্টু বলেন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু সহনশীল কৃষি ও প্রতিবেশ পুনরুদ্ধারের মতো খাতে নতুন কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিচ্ছন্ন উৎপাদনব্যবস্থায় রূপান্তরের সময় বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের প্রতিযোগিতামূলক সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে।
সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির আশা করছে সরকার। এ ছাড়া কৃষি, মৎস্য, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিক, নিয়োগকর্তা, নারী, তরুণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।
মন্ত্রী প্যারিস চুক্তির আওতায় দেশগুলোর নিজস্ব চাহিদা ও অনুরোধের ভিত্তিতে একটি ন্যায়সংগত রূপান্তরব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এ ক্ষেত্রে স্বল্পোন্নত ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারকে স্থানীয় মানুষের জন্য বাস্তব ও পরিমাপযোগ্য সুফলে রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের প্রতিনিধিরা সহযোগিতা করেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন আইএলওর পলিসি কোহেরেন্স হাবের পরিচালক মুস্তাফা কামাল গুইয়ে।
আলোচনায় কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিতিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহেলদিন, আদিবাসী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থার নির্বাহী পরিচালক জোয়ান কার্লিং এবং নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।