প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
(ভিজিট : ১৪)

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রায় ১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়েছে। প্রস্তুতি শেষ হলে শনিবার বিকেল থেকে নির্বাপণ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তাঁরা গ্যাস উদগিরণের স্থান এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আপাতত জ্বলন্ত আগুন নিরাপদে নেভানো বা নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য। সেখানে গ্যাস উত্তোলনের জন্য খনন করা হবে কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গ্যাসের মজুদ সম্পর্কে অনুসন্ধান শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতেও তিনি রাজি নন।
তিনি জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম আনা হচ্ছে। তবে কত দিনের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুদ সম্পর্কে অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলার সময় মাটি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে ওই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে সেখানে আগুন জ্বলছে।
ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।