মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিট : ৭)

বিচ্ছিন্নভাবে দু-একটি ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে নাশকতার চেষ্টা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে এসব অপচেষ্টা মোকাবিলা করছে।

তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়।

তিনি জানান, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সমালোচনা করে মন্ত্রী বলেন, সেখানে পরিস্থিতির অবনতির যে দাবি করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার কমেছে। তাঁর মতে, আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক তথ্য উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ বা নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের ভেতরে ও সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। প্রয়োজন হলে উপযুক্ত সময়ে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]