প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম
(ভিজিট : ৪০)
চাঁদপুরের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল মুন্সিবাড়ি বালুর মাঠে হারিচাইল যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘সিজন-৫ ডাবল ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় হারিচাইল একাদশ ও কচুয়া পৌরসভা একাদশ।
নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হারিচাইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কচুয়া পৌরসভা একাদশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কুমিল্লার বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাদল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু আব্দুল্লাহ নয়নের সভাপতিত্বে এবং হারিচাইল-পদুয়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শরফুদ্দিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শারফিক হোসাইন, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, যুগ্ম সম্পাদক মো. শহীদু উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, গোহট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ জাকির, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি ও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. ইমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।