প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম
(ভিজিট : ১৩)

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত হয়েছেন সাংবাদিক সোয়েব সিকদার। গত ৪ নভেম্বর রাজধানীর হোটেল অরনেট গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সোয়েব সিকদারের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির পর সাংবাদিক সোয়েব সিকদার বলেন, পুরস্কার অনুপ্রেরণা জোগায়, দায়িত্ব বাড়ায়; আর শেখার পথ কখনো শেষ হয় না। ১৩ বছরের সাংবাদিকতা জীবনে পা রেখেও নিজেকে এখনো খুব বেশি যোগ্য কিংবা পরিপূর্ণ মনে করি না। বরং মনে করি, শেখার এখনো অনেক বাকি। অভিজ্ঞদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি, জানছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। সাংবাদিকতা আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি প্রতিনিয়ত শেখার, সত্য অনুসন্ধানের এবং মানুষকে জানানোর এক নিরন্তর যাত্রা।
তিনি আরো বলেন, বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই প্রিয় সিনিয়র সাংবাদিক রাহাত ভাই, হাফিজ ভাই এবং সালাম মাহমুদ ভাইকে। তাঁদের স্নেহ, উৎসাহ ও অনুপ্রেরণা আমার পথচলায় সবসময়ই মূল্যবান।কৃতজ্ঞতা তাঁদের প্রতিও, যাঁরা নীরবে কিংবা সরাসরি আমার এই পথচলায় পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, ভালোবেসেছেন।