মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম  (ভিজিট : ৫)

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানিবণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় কূটনৈতিক সফরের বিষয়ে বিদ্যমান আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ভারত পর্যবেক্ষণ করছে। প্রতিবেশী দেশটির সঙ্গে ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের লক্ষ্য।

সীমান্ত অতিক্রমকারী নদীর পানিবণ্টন, বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যৌথ নদীগুলো নিয়ে আলোচনা বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর নিয়েও কথা বলেন জয়সওয়াল। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

এদিকে বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বিক্ষোভসহ দেশের সামগ্রিক পরিস্থিতি ভারত পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]