প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম
(ভিজিট : ১১)
বুলগেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা সম্ভাব্য বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে বুলগেরিয়ার ইতিহাসে প্রথম কোনো নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।
তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন।
বুথফেরত জরিপের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইলিয়ানা ইয়োতোভা ৫৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, সংস্কারপন্থী বিরোধী দলের প্রার্থী আন্দ্রেই গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। সরকারিভাবে এই ফলাফল চূড়ান্ত হলে তিনিই হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান।
ফলাফল মেনে নিয়ে গিউরভ জানিয়েছেন, নাগরিকরা এভাবেই রায় দিয়েছেন এবং ফলাফল যা এসেছে তা সবাইকে মেনে নিতে হবে।
৬২ বছর বয়সী ইয়োতোভা এ বছর জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বর্তমান প্রধানমন্ত্রী রুমেন রাদেভের পদত্যাগের পর তিনি এই দায়িত্ব পান। পর্যবেক্ষকদের মতে, এই জয়ের ফলে রাষ্ট্রপতির পদটি ক্ষমতাসীন দলের দখলেই থাকল।
ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়নের পথে টিকিয়ে রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও কাজ করার কথা বলেছেন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি সবসময় আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছেন।
বুলগেরিয়ায় রাষ্ট্রপতির পদটি মূলত আলংকারিক ও আনুষ্ঠানিক হলেও, সরাসরি ভোটে নির্বাচিত হওয়ায় এই পদের রয়েছে যথেষ্ট রাজনৈতিক কর্তৃত্ব। দেশটির সংবিধানে রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়া, আইনে ভেটো প্রদান এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার ক্ষমতা রাখেন।