মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রশান্ত মহাসাগরে দুই মাসের বেশি ভেসে থাকার পর নাবিক ও কুকুর উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম  (ভিজিট : ১১)
প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হওয়ার দুই মাসেরও বেশি সময় পর ৮৬ বছর বয়সী এক নাবিক ও তার পোষা কুকুরকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপকূল থেকে প্রায় ৪৬০ মাইল দূরে কয়েক দিন তল্লাশির পর তাদের উদ্ধার করে দেশটির কোস্ট গার্ড।

এ খবর জানিয়েছে দ্য ডেইলি বিস্ট।

এনডিটিভি জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে নাবিকের নৌযানটি ৬০ দিনের বেশি সময় ধরে সাগরে ভাসছিল। এ সময় তিনি ও তার কুকুর স্থলভাগ থেকে অনেক দূরে আটকা পড়েন। তাদের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রীও খুব বেশি ছিল না।

গত ২০ আগস্টের পর থেকে ওই নাবিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কোস্ট গার্ডের আলামেডা উদ্ধার সমন্বয়কেন্দ্র একটি জরুরি সংকেত পায়। পরে জানা যায়, সংকেত পাঠানোর যন্ত্রটি ‘উইলো উইন্ড’ নামের ওই নৌযানের নামে নিবন্ধিত। উদ্ধার অভিযানে ওই পথ দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ সহায়তা করে।

জাহাজটির কর্মীরা নাবিক ও তার কুকুরকে নিরাপদে নিজেদের জাহাজে তুলে নেন। পরে চিকিৎসাকর্মীরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

দুই মাসের বেশি সময় সাগরে আটকে থাকলেও নাবিক ও তার কুকুরের শারীরিক অবস্থা ভালো ছিল। তবে নাবিক কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। দ্য ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে কোস্ট গার্ডের বরাত দিয়ে বলা হয়, নাবিকের হাঁটাচলায় সমস্যা হচ্ছিল।

তবে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না। পরে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্ক্রিপস মার্সি হাসপাতালে নেওয়া হয়।
 
কোস্ট গার্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার কমান্ড সেন্টারের প্রধান কমান্ডার জেসন নগুয়েন এক বিবৃতিতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাণিজ্যিক জাহাজের কর্মী ও কোস্ট গার্ড সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ঘটনা থেকে সমুদ্রে চলাচলের সময় জরুরি যোগাযোগের সরঞ্জাম সঙ্গে রাখার গুরুত্ব বোঝা যায়। একই সঙ্গে সমুদ্রযাত্রার আগে পরিকল্পনা তৈরি করে তা উপকূলে থাকা কাউকে জানিয়ে রাখাও জরুরি। এতে যাত্রীর গন্তব্য ও সম্ভাব্য সময়সূচি সম্পর্কে উপকূলে থাকা ব্যক্তিরা জানতে পারেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]