মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিট : ১২)
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ডোলভরা এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় জমির মালিকদের দাবি, এতে আশপাশের তিন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি জমিতে পানি ও কাদা জমে থাকায় আসন্ন পেঁয়াজ চাষ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

গত ২ নভেম্বর বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝারদিয়া গ্রামের ডোলভরা ফসলি মাঠে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সানাল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। বর্ষা মৌসুমজুড়েও এ কার্যক্রম চলেছে বলে দাবি তাঁদের।

পাশের জমির কয়েকজন মালিক জানান, তাঁদের জমিতে বছরে তিন মৌসুমে ফসল উৎপাদিত হয়। কিন্তু পাশের জমি থেকে বালু উত্তোলনের কারণে তাঁদের জমিতে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া জমিতে পানি ও কাদা জমে থাকায় পেঁয়াজের দানা রোপণে বিলম্ব হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে অনেকে প্রতিবাদ করতে সাহস পান না। তাঁর বিরুদ্ধে এলাকায় কিশোরদের একটি দলকে ঘিরে প্রভাব বিস্তারের অভিযোগও করেন তাঁরা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সানাল নামের ওই ব্যক্তি সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছবি-টবি তুলে, ভিডিও করে নিয়ে যান। যা করার করেন।’

অভিযোগের বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনারা ওই জায়গার বিস্তারিত তথ্য দেন। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

স্থানীয় জমির মালিকেরা ফসলি জমির ক্ষতি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]