প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম
(ভিজিট : ২০)
শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টিবিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বারটান নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চলপ্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের বিভিন্ন উপাদান, পুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ১১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে ফলের চারা, একটি পুষ্টি প্লেট, খাতা ও কলম দেওয়া হয়। পাশাপাশি তাদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।