সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ইনানীতে গ্যাসের আগুন নেভাতে ১৫ দিন পর্যন্ত লাগতে পারে: পেট্রোবাংলা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম  (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস উদ্‌গিরণের ফলে সৃষ্ট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর কাছে প্রায় এক হাজার ফুট গভীরে খননকাজ চলাকালে ভূগর্ভ থেকে গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। এ সময় আগুনের সূত্রপাত হয়।

রোববার দেওয়া এক বিবৃতিতে পেট্রোবাংলা জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুনের বিস্তার ঠেকাতে আপাতত গ্যাস স্বাভাবিকভাবে বের হতে দেওয়া হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে আগুনের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাসের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দল বিকল্প ব্যবস্থা বিবেচনা করবে। এর মধ্যে অগ্নিনির্বাপণ কার্যক্রম এবং গ্যাসের প্রবাহ বন্ধ করার উদ্যোগও থাকতে পারে।

নিরাপত্তার স্বার্থে কূপের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, ওই এলাকার সম্ভাব্য গ্যাসের মজুত সম্পর্কে ধারণা পেতে ভূতাত্ত্বিক ও দ্বিমাত্রিক (২ডি) ভূকম্পন জরিপের কাজও চলছে।

স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]