প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পিএম
(ভিজিট : ২৫)
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং ঘটনায় ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল হাসান ভুঁইয়া (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার যাদবপুর ইউনিয়নের নন্দীপুর এলাকার রফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে,আদনান উদ্দিন (২৮) ,রাউজান থানার সুলতানপুর মাঝির ঘাটা এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুর (২৭) অভিযোগ, গাজী সারোয়ার শ্রাবণ নামে একজন তাকে ফোন করে ওই স্থানে ডেকে নেন।
কিছুক্ষণ পর একটি সাদা প্রাইভেটকারে করে শ্রাবণ ও তার সঙ্গে আরও দুই-তিনজন সেখানে পৌঁছান। তারা জিকুর মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে তিনি বাধা দেন। তখন তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে তারা পালিয়ে যান।
এ ঘটনায় জিকুর অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়। এরপর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিকুর সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, মামলার ঘটনায় এই দুজনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।