শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০০ পর্যটক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:১৩ পিএম  (ভিজিট : ২২)
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের মধ্যে শহরের সুগন্ধা সৈকত পয়েন্টের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘দ্য সি প্রিসেন্স’ হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগলেও দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ সময় হোটেলটিতে অবস্থান করছিলেন তিন শতাধিক পর্যটক। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তারা নিরাপদে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

হোটেল কর্তৃপক্ষের কর্মীদের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাদের হোটেলে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।

ওই ঘটনার এক সপ্তাহের মাথায় পর্যটন এলাকার আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]