প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম
(ভিজিট : ৩)
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. আবুল বাশার তালুকদার।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
আবুল বাশার তালুকদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজের ওপর নির্ভর করতে হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে এখনো তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এর আগে আসিফ আকবর জানান, শনিবার ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তাঁর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান তিনি।
ঘটনার পর বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত পর্যালোচনা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।