প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
(ভিজিট : ১১)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ এলাকায় জহির ফকির নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করে আসছিলেন। তাঁর পরিবার মুন্সীগঞ্জ সদর উপজেলায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনভর ফার্মেসিতে ব্যবসা পরিচালনা শেষে রাতে মুন্সীগঞ্জে নিজ বাসায় ফিরছিলেন জহির ফকির। পথে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ নাকি ছিনতাইকারী চক্রের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সম্ভাব্য বিরোধের বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।